জন্ম-জন্মান্তর
-শাহীনুর ইসলাম
জন্মের পিচ্ছিল অন্ধকারে
শব্দরা কঁকিয়ে ওঠে;
ভূতের মতন
উপমা দেখায় ভয়—
অশ্রুর লিপিতে
যেন কাব্য লিখি
অমর অক্ষয়।
বিধ্বস্ত বাতাসে
ছড়ানো অক্ষরগুলো সে সময়
নেচে নেচে লাইনে দাঁড়ায়
সুবিন্যস্ত সেনাদের মতো,
দিগন্তের সাদা ক্যানভাসে
অনন্তের বিদ্যুৎ ছটায়
জাগে ঝিলমিল,
পর্বতের খাড়া সিঁড়ি বেয়ে
গ্রীবাখানি ঢুকে পড়ে ছায়াপথে,
মেঘের ফাটলে নাক গুঁজে
পাঁজরের হাড় দম নেয়
আকাশনীলের,
প্রেম-বিরহের বর্ণ-গন্ধ
এসে মেশে দ্রোহে,
হাতের আঙ্গুলগুলো
নক্ষত্রের মতো
অস্থির তরঙ্গে
ক্যানভাসে দাগ কেটে যায়,
বোধের তখন জন্মান্তর হয়
কিংবা জন্ম হয় কবিতার।
Copyright © 2017 by the poet







Be the first to comment