গুচ্ছ কবিতা
-শাহীনুর ইসলাম
নৈঃশব্দের ঈশ্বর
নৈঃশব্দে অব্দে অব্দে
বসে আছেন ঈশ্বর,
শব্দে শব্দে প্রার্থনা তাই
জাগায়নি শুদ্ধ স্বর।
শুদ্ধতার সুর
বাতাসে শুদ্ধতা ভাসে আকাশে মৌনতা;
ঝিলের শাপলাগুলি বুকে লয়ে কথা
কাটায় সময় পাঁপড়ির উম্মীলনে,
মেঘ তবু বৃষ্টি-জাগানিয়া অন্য বনে।
অন্ধের অন্ধকার
অন্ধ কার চোখে দেখে অন্ধকার?
দেখে বন্ধ দ্বার!
অন্ধ তার বুকের আনন্দ ভার,
বেদনা অপার
স্কন্ধ ন্যূব্জ হয়ে লুকায় আবার।
দান-প্রতিদান
বিষাদের সন্তান যে গান
তার অবয়ব জুড়ে নিস্পাপ আত্মার প্রতিদান,
অথৈ বেদনায় ছানা সুরের লহরী,
পারে পারে উছলানো জোছনারও বান।
এতটুকু দান!
অবিরাম
সূর্যের বিশ্রাম হয় না কখনো
হয় না বিশ্রাম পৃথিবীরও,
শ্রমিকেরও যে নেই বিরাম
নিয়তির এই পরিণাম।
copyright © 2017 by the poet







Be the first to comment